শাওমির নতুন প্রযুক্তি, ১৭ মিনিটেই সম্পূর্ণ চার্জ হবে স্মার্টফোন

২৩ নভেম্বর, ২০১৯ ১৬:৪৬  
২০১৯ সালে ১০০ ওয়াটের ফাস্ট চার্জ প্রযুক্তি সামনে এনেছিল শাওমি। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে শাওমি জানিয়েছে আগামী বছর থেকে কোম্পানির বিভিন্ন স্মার্টফোনে এই চার্জিং প্রযুক্তি ব্যবহার হবে। নতুন ১০০ ওয়াট সুপার চার্জ Turbo চার্জিং প্রযুক্তি ব্যবহার করে মাত্র ১৭ মিনিটে ৪ হাজার এমএএইচ ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা যাবে। যদিও কোন স্মার্টফোনে প্রথম এই ফাস্ট চার্জিং ব্যবহার হবে সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য সামনে আসেনি। চলতি মাসে শাওমি ডেভেলপার কনফারেন্সে নতুন ফাস্ট চার্জিং সম্পর্কে এই কথা জানিয়েছে বেজিংয়ের কোম্পানিটি। সেই অনুষ্ঠানে উপস্থিত কিছু মানুষ সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন আগামী বছর ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের স্মার্টফোন লঞ্চ করবে বেজিংয়ের কোম্পানিটি। অনেক দিন ধরেই ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে কাজ করছে শাওমি। তাই মনে করা হচ্ছে ২০২০ সালের শুরুতেই উন্মোচন হতে পারে সুপার ফাস্ট চার্জিংয়ের এই স্মার্টফোন। ইতিমধ্যেই কিছু রিপোর্টে জানানো হয়েছে আগামী বছর এমআই মাক্স ৪ ফোনে প্রথম ১০০ ওয়াট চার্জিং প্রযুক্তি ব্যবহার হবে। যদিও এই বিষয়ে এখনও কোন নিশ্চিত খবর সামনে আসেনি।